রাঙামাটিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সেরা আয়োজকের পুরস্কার জিতেছেন লংগদু ইউএনও প্রবীর কুমার রায়। জেলা পর্যায়ে চ্যাপিয়ন হয়েছে লংগদু উপজেলার মাইনী মুখ মডেল উচ্চ বিদ্যালয়। রাঙামাটি সদরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও তৃতীয় হয়েছে নানিয়ারচর উপজেলার বেতছড়ি ওসমানি উচ্চ বিদ্যালয়।
বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জেলা পর্যায়ে সেরা আয়োজকের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম। উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, রাঙামাটি সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকার, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রভাষক মিঠুন দত্ত।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, ‘প্রতিটি কাজের পুরস্কার অবশ্যই ভালো লাগার। এই পুরস্কার কাজের গতিকে আরও বৃদ্ধি করে দেয়। বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় লংগদু থেকে তিনটি বিদ্যালয় জেলা পর্যায়ে অংশ নেয় এবং তার মধ্য থেকে মাইনী মুখ মডেল উচ্চ বিদ্যালয় চ্যাপিয়ন হয়েছে।’
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম বলেন, ‘বিদ্যালয়গুলোতে এখনও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারলে বাংলাদেশ থেকেও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি হবে। যা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে। জেলা পর্যায়ে যে দল চ্যাপিয়ন হয়েছে. সে দলের দলনেতা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।’
এর আগে সকালে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।








