চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। রবিবার (২৪ মার্চ) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদ মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত নুর মোহাম্মদ হাটহাজারী বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।
অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘চার কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।’
তিনি আরও বলেন, ‘নুর মোহাম্মদ বিভিন্ন সময় ব্যক্তিগত ও যৌথ ব্যবসায়ীক কারণে সরওয়ার মোর্শেদের কাছ থেকে চার কোটি টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে তিনি প্রতারণার আশ্রয় নেন। একপর্যায়ে তিনি মোর্শেদকে চেক দিলে সেটি ডিজঅনার হয়। সময়মতো টাকা ফেরত না দেওয়ায় বাদী মামলাটি করেন।’








