নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মার্চ) রাত চারটার দিকে এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- দুটি মুদি দোকান, একটি ওষুধ, একটি জুয়েলারি এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি গুদাম।
কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শামসুল করিম জানান, রবিবার একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানগুলোর মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার পর থেকে বসুরহাট বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।








