রাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনায় গ্রেফতার ইউপি সদস্য ত্রিদিব চাকমা (৫৮) ও লারে চাকমাকে (৪৬) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে বিলাইছড়ির আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলায় গ্রেফতার স্নেহাশীষ চাকমাকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর ইসরাফিল ইসলাম জানান, রবিবার (৩১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বাঘাইছড়ির ঘটনায় গ্রেফতার দুই আসামিকে শুক্রবার (২৯ মার্চ) রাঙামাটি আদালতে তোলা হয়। আদালত রিমান্ড শুনানির জন্য রবিবার দিন ধার্য করে তাদেরকে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনি সামগ্রী নিয়ে ফেরার সময় নয় কিলো এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করে। এই ঘটনায় সাতজন নিহত হন এবং আহত হন ২৬ জন। ১৯ মার্চ সকালে ফারুয়া থেকে বিলাইছড়ি সদরে আসার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা।








