কুমিল্লার বুড়িচং উপজেলার ২০ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার গোমতী নদী সংলগ্ন এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (সিকিউরিটি) হেলাল উদ্দিন শিকদার বলেন, ‘বুড়িচং উপজেলার বালীখাড়া ব্রিজ হয়ে নদীর ওপারে প্রায় ২০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন তার সহযোগী সোলায়মানসহ আরও লোকজন আমাদেরকে বাধা দেয়। পরে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় ওই নেতা চলে যান। ২০ কিলোমিটারের এ লাইনের মাধ্যমে ৩৩শটি চুলায় গত তিন বছর ধরে গ্যাস সঞ্চালন করা হয়। এতে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।’
বাধাদানের বিষয়ে জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কোনও কথা বলবো না। আমরা বৈধভাবে লাইন সংযোগ নিয়েছি।’
বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন লি. এর কোনও কর্মকর্তা-কর্মচারী জড়িত না থাকলে কীভাবে এই অবৈধ লাইন সংযোগ দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে ডিজিএম (সিকিউরিটি) হেলাল উদ্দিন শিকদার বলেন, ‘নিশ্চয়ই এখানের কেউ না কেউ জড়িত রয়েছে। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’
অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা খানম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল বিভাগের ডিজিএম মর্তুজ রহমান খান, ডিজিএম সেলস্ সাইফুল আলম ভুইয়া, ডিজিএম ভিজিল্যান্স রবিউল হকসহ র্যাব,পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা।








