জুতার তলায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) ভোররাতে কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটক দুইজন হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হোসেন (২০) ও সুলতান আহমেদ (১৮)।
কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, চারটি জুতার তলায় দুই হাজার পিস ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল দুই রোহিঙ্গা যুবক। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








