নাফনদী অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ শিকারে করতে যাওয়ায় সাত জেলেকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে এসএমএস এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
আটক জেলেরা হলো, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসনের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (৪৫), একই এলাকার আহম্মদ সুলতানের ছেলে আব্দুস সালাম (৩৮), মৃত আবু তৈয়বের ছেলে ইমাম হোসেন (২৮), সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মোহাম্মদ আয়ুবের ছেলে মোহাম্মদ আমির খান (১৮), একই এলাকার নূর কবিরের ছেলে মোহাম্মদ আয়েজ (২৪), মোহাম্মদ সাকেরের ছেলে আনোয়ার খালেদ (২০), সৈয়দ হোসনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (১৮)।
এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন জানান, গত মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনে শাহ পরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-৩ থেকে উত্তর-পূর্ব দিকে জালিয়াপাড়া নাফ নদী এলাকা দিয়ে ৪টি নৌকা নিয়ে ৭ বাংলাদেশি জেলে মৎস্য আহরণের জন্য নাফ নদীতে যায়। মৎস্য আহরণের এক পর্যায়ে তারা সীমান্তের শূণ্য রেখা অতিক্রম করে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। নাফ নদীতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাছ ধরা এবং শূণ্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করায় ওই জেলেদের শাহপরীর দ্বীপ বিওপির টহলদল আটক করে।
এদিকে আটক জেলেদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তারা।








