বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে জনসংহতি সমিতির এক সমর্থক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুহালং ইউনিয়নের কিবুক ছড়ার ৩নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জয় মনি তঞ্চঙ্গ্যা (৫২)। তিনি কুহালং ইউনিয়নের কিবুক ছড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, জনসংহতি সমিতির স্থানীয় নেতা রিপন তঞ্চঙ্গ্যাকে না পেয়ে সন্ত্রাসীরা তার বাবাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের দু’টি দলকে টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানু প্রু মারমা জানান, অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী ৩নং রাবার বাগান এলাকার তঞ্চঙ্গ্যা পাড়ায় এসে রিপন তঞ্চঙ্গ্যার খোঁজ করে। তাকে না পেয়ে সন্ত্রাসীরা তার বাবা জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। নিহত জয়মনি ওই এলাকায় লাকড়ি ও কাঠের ব্যবসা করতেন।
তিনি আরও জানান, বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটছে জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীদের।
জনসংহতি সমিতির নেতাদের দাবি, মিয়ানমারের দলছুট বিদ্রোহী গ্রুপ আরাকান লিবারেশন আর্মির (এএলপি) সদস্যরা এ হত্যার সঙ্গে জড়িত। গ্রুপটি স্থানীয়ভাবে মগ বাহিনী নামেও পরিচিত। তবে প্রশাসনের পক্ষ হতে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
এর আগে গত মঙ্গলবার (৭ মে) রাতে একদল সন্ত্রাসী রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এসময় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের একজনকে অপহরণ করে। এখনও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।








