কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৪) ও বুড়িচং উপজেলার মোকাম গ্রামের মোহাম্মদ হোসেন ভুইয়ার ছেলে মো. শাহীন ভূইয়া (৩৮)। অভিযানের সময় বাড়ির মালিক আবদুল কাদের জিলানীকে পাওয়া যায়নি।
কুমিল্লা র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক প্রণব কুমার জানান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়িতে মাদক বিক্রি হচ্ছে –এমন এক খবরে র্যাব অভিযান চালায়। এতে বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৫৬ পিস ইয়াসাসহ দুইজনকে আটক করা হয়।








