শুক্রবার। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। স্থান ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জহিরিয়া মসজিদ। এ মসজিদের তৃতীয় তলায় ইফতার সামনে নিয়ে বসেছেন বড় বাজারের শ্রমজীবী আব্দুর রহিম। তার পাশে বসেছেন শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাইফুল ইসলাম ফটিক। শুধু রহিম বা ফটিক নয়, পবিত্র রমজান মাসের প্রত্যেক দিনই জহিরিয়া মসজিদের তৃতীয় তলায় ধনী-গরীব এক কাতারে বসে ইফতার করেন।
স্থানীয়রা জানান, ফি বছর রমজানের দিনগুলোতে ইফতারের সময় জহিরিয়া মসজিদে রোজাদারদের মিলনমেলা বসে। এখানে এক কাতারে বসে ইফতার করেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জহিরিয়া মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা রমজান এলেই এখানে ইফতারের আয়োজন করেন। এ ব্যাপারে মসজিদ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম বাংলা ট্রিবিউন বলেন, ২০১০ সাল থেকে নিয়মিত ইফতারের আয়োজন করা হয় মসজিদে। প্রতিদিন প্রায় হাজার খানেক রোজাদারের জন্য ইফতারের খাবারের আয়োজন করা হয়।
তিনি আরও জানান, শহরের আর কোনও মসজিদে ইফতারের এত বড় আয়োজন নেই। ইফতারের আধঘণ্টা আগে মসজিদের তৃতীয় তলায় সারিবদ্ধভাবে বসে যান রোজাদাররা। ইফতারের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা হয়। এরপর রোজাদারদের নিয়ে মোনাজাত হয়। সবশেষে সবাই শরিক হন ইফতারে।
ইফতারের আয়োজক জহিরিয়া মসজিদ কমিটির সভাপতি ফারুক হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ইফতারে ৯ রকমের খাবার থাকে। এর মধ্যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও শরবত অন্যতম। সুষ্ঠুভাবে ইফতার পরিবেশনের জন্য মসজিদের ১০ জন খাদেম ও ১০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।
মুয়াজ্জিন ক্বারি নুর উল্লাহ বলেন, ইফতারের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন পেশ ইমাম মুফতি হাফেজ মুহাম্মদ ইলিয়াস। এরপর আলোচনা ও মোনাজাত শেষে রোজাদাররা ইফতারে অংশ নেন।








