ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে আশ্রয়ন-২ প্রকল্পের প্রথম ধাপে গৃহহীন ছয় বিধবাকে ঘর করে দেওয়া হচ্ছে।
এই ছয়জনের মধ্যে রয়েছেন সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিধবা রোশনা বেগম, ধর্মপুর ইউনিয়নের বিবি আয়েশা, ফরহাদনগর ইউয়িনের লায়লা আক্তার, লেমুয়া ইউনিয়নের নুরজাহান, ফাজিলপুর ইউনিয়নের আনোয়ারা বেগম ও সদর উপজেলার মধুপুর গ্রামের শেফালি বালা।
ফেনী সদরের নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন,‘গৃহহীন, অসহায় ও বিধবা নারীদের ঘর করে দেওয়ার আগে স্থানগুলো সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে জমি আছে ঘর নেই এমন ছয় পরিবারকে সরকারি খরচে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর সাড়ে ৩৭ ফুট বাই সাড়ে ২৩ ফুট করে নির্মাণ করা হচ্ছে। ঘরগুলোর ফ্লোর পাকা, সামনে খোলা বারান্দা, আরসিসি পিলার, পাশে দেওয়াল ও ওপরে টিন দিয়ে নির্মিত হচ্ছে। এছাড়াও রয়েছে স্যানেটারি ল্যাট্রিনের সু-ব্যবস্থা। প্রত্যেকটি ঘর নির্মাণে আড়াই লাখ টাকা করে ব্যায় ধরা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে সদর উপজেলার ৬টি ইউনিয়নে যাদের জমি আছে ঘর নেই তাদের ঘর করে দেওয়া হবে। আস্তে আস্তে সমাজের অসহায়, দরিদ্র ও ভাসমান মানুষের জন্য আবাসন নিশ্চিত করা হবে।
ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সি জানান,ঘর তৈরির আগে তিনি নিজের টাকায় রোশনা বেগমের ভিটে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছেন।
বিধবা রোশনা বেগম জানান, তিনি মানুষের ঘরে থেকে জীবন কাটিয়েছেন। মেয়েকে বিয়ে দেওয়ার পর দুই ছেলে নিয়ে কোনও রকমে ঝুপড়ির ঘরের মধ্যে থাকছেন। টাকার অভাবে ঘর বানাতে পারেননি। বর্ষায় ও শীতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকবেন। আর কষ্ট করতে হবে না। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েন।








