কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে যাওয়ার পথে অস্ত্র ও কার্তুজসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) বেলা তিনটার দিকে কক্সবাজার সীমান্তবর্তী ঘুমধুমের পূর্ববড়ুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
আটক রোহিঙ্গারা হলো— কুতুপালংয়ের ১৭ নম্বর ক্যাম্পের ৬৪ নম্বর ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশেম (২৩), তিন নম্বর ক্যাম্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে নূর বশর (১৯) ও লম্বাশিয়া ক্যাম্পের মোছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০)।
ইমন কান্তি চৌধুরী জানান, তিন রোহিঙ্গা অস্ত্র ও কার্তুজ নিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যাচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পাচারের উদ্দেশ্যে অস্ত্র ও কার্তুজগুলো মিয়ানমারে নিয়ে যাচ্ছিল তারা।








