কুমিল্লার চান্দিনায় ছোট ভাইয়ের কাছে শ্যালিকাকে বিয়ে না দেওয়ায় জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ জুন) চান্দিনা উপজেলার নগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৫৫) নগরকান্দি গ্রামের মোকশত আলীর ছেলে। অন্যদিকে জামাতা ইমাম হোসেনের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা গ্রামে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মোহাম্মদ আলীর মেয়ের জামাই ইমাম হোসেন তার ছোট ভাইয়ের সঙ্গে শ্যালিকা রিমা আক্তারের বিয়ের প্রস্তাব দেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তার প্রস্তাব মেনে না নিয়ে অন্য জায়গায় রিমার বিয়ে ঠিক করে।
নির্ধারিত তারিখ অনুযায়ী রবিবার বিয়ের কথা ছিল। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় মোহাম্মদ আলী তার এক ভাতিজাকে নিয়ে দোল্লাই নবাবপুর বাজারে কেনাকাটা করতে যান। এ সময় একটি মুদি দোকানের সামনে থেকে জামাতা ইমাম হোসেন শ্বশুর মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যান। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও মোহাম্মদ আলী ফিরে না আসায় ভাতিজা সদাই নিয়ে বাড়ি চলে যায়।
এদিকে দুপুরে নগরকান্দি গ্রামের একটি জমিতে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলার সময় পাশের একটি খালে মোহাম্মদ আলীকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোল্লাই নবাবপুর বাজারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল বলেন, শ্বশুরকে হত্যার পর জামাতা সবাইকে ফাঁকি দিতে শ্বশুরালয়ে ফিরে আসে। তাকে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।








