চট্টগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মুহাম্মদ ফরিদ উদ্দিন সোবহান (২৮) নামের এক যুবক। তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ জুন) জেলা শহরের মিউনিসিপ্যাল মডেল স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়সার খসরু এসব তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত সোবহান কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর ইব্রাহিম কুতুবীর ছেলে। সে বাঁশখালীর মুহাম্মদ তারিফুল ইসলামের পক্ষে পরীক্ষা দিতে আসে।
মো. কায়সার খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা কক্ষে গিয়ে তাকে আটক করি। প্রাথমিক অবস্থায় তাকে শনাক্ত করা যায়নি। পরে গ্রামের নাম, জন্মতারিখ, এসএসসির সাল জিজ্ঞেস করি। একপর্যায়ে মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলে, সে সব কথা স্বীকার করে। তাকে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ এর ৩(খ) অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘তারিফুলের ছবির সঙ্গে সোবহানের ছবির কিছুটা মিল থাকায়, বাকিগুলো বিশেষ কায়দায় মিলিয়ে নেয় তারা। আবুল কালাম আজাদ এবং মামুন নামে দু'জনের প্ররোচনায় সে পরীক্ষা দিতে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।’








