চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শনিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন। অন্যজন একই দিন সকাল ৯টায় রাউজান উপজেলার নোয়াপাড়া বাজারে পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নিহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন– নুরুল হক (২৮) ও ননা বড়ুয়া (৫০)। এর মধ্যে নুরুল হক সুনামগঞ্জের তাহেরপুর থানার রহমতপুর গ্রামের মো. ইউনুছের ছেলে। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। অন্যদিকে, ননা বড়ুয়া রাউজানের নোয়াপাড়া এলাকার দীপিন বড়ুয়ার ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহতাবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ননা বড়ুয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা সবাই রাউজানের নোয়াপাড়া বাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত হন। এর আগে ট্রাকের ধাক্কায় নুরুল হক নামে আরও এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’







