জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, সম্প্রতি বিএসটিআইয়ের অর্জন আমাদেরকে আশান্বিত করেছে। বিএসটিআই সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। নিম্নমান, ভেজাল পণ্য এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইকে এভাবে সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (৪ জুলাই) কক্সবাজারে বিএসটিআইয়ের জেলা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিএসটিআইয়ের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার জেলা পর্যায়ে অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজারসহ ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, কুমিল্লায় বিএসটিআইয়ের অফিস-কাম-ল্যাবরেটরি ভবন স্থাপন করা হয়েছে। সে ধারাবাহিকতায় কক্সবাজারে প্রতিষ্ঠানটির জেলা অফিস উদ্বোধন করা হলো।
মন্ত্রী জানান আরও ১২টি জেলায় বিএসটিআইয়ের অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এবং সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হক।








