ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক সোহরাব চৌধুরী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মহরম আলী, মো. আলমগীর ও আবদুল কাদির।
মামলার বিবরণে জানা য়ায়, ২০১৫ সালের ২১ এপ্রিল সকালে আসামিরা সোহরাবকে হত্যা করে হরষপুর ইউনিয়নের বুল্লা টানপাড়া এলাকার একটি পুকুরে ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে যায়।
এ ঘটনার দুই দিন পর পুকুর থেকে সোহরাবের লাশ উদ্ধার করা হয়। পরে সিএনজি অটোরিকশার মালিক ও নিহতের চাচাত ভাই মো. সাচ্চু চৌধুরী বাদী হয়ে ২৩ এপ্রিল বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ প্রধান আসামি মহরম আলীকে গ্রেফতার করে।
মহরম আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যার ঘটনা স্বীকার করে। এ ঘটনায় তার সঙ্গে আলমগীর ও আব্দুল কাদির নামে দুইজন জড়িত থাকার কথা জানান। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ইউসুফ এ রায় সন্তোষ প্রকাশ করেছেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি মনে করি এই রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’








