টেকনাফ উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে নিজ নিজ কেন্দ্রে দুই ইউনিয়নে চেয়ারম্যান ও নারী সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে হ্নীলা চেয়ারম্যান পদে ১০ হাজার ৯২৪ ভোট পেয়ে রাশেদ মাহমুদ আলী এবং সাবরাং ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৫৬১ ভোট পেয়ে শাহেনা বেগম (মাইক) নির্বাচিত হন।
এদিকে জাল ভোট, কারচুপির অভিযোগে তুলে ভোটগ্রহণের শেষের দিকে মোটরসাইকেল ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা আলাদাভাবে সংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রাশেদ মাহমুদ আলী (নৌকা) প্রতীকে ১০ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মীর মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) পান ৩ হাজার ৩৩০ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দীন চৌধুরী (আনারস) পান ৩ হাজার ১৮৮ ভোট।
অপরদিকে সাবরাং ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে শাহেনা বেগম (মাইক) ২ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী ছেনুয়ারা বেগম (সূর্যমূখী ফুল) পান ৫৭২ ভোট, অপর প্রার্থী আমেনা খাতুন (হেলিকাপ্টার) ৫২৩ ভোট পান।
টেকনাফ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর বলেন, ‘কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে টেকনাফে ইউপির উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। তবে নির্বাচন পরবর্তী যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজরদারি রাখা হয়েছে।








