কুমিল্লায় পাঁচ লাখ টাকা মূল্যের সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে কাঠসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়। ফরেস্ট রেঞ্জার কর্মকর্তা মো. তোষাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে কুমিল্লার বন বিভাগ অভিযান চালায়। এসময় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্টো-ড ১৪-৪৩৫০) সংকেত দিলে চালক অমান্য করে দ্রুত পালানোর চেষ্টার করে। পরে আরেকটি গাড়ি নিয়ে ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে চালক ও হেলপার সদর দক্ষিণের ধনাইতরী এলাকায় গাড়িটি থামিয়ে পালিয়ে যায়।
কুমিল্লা বন বিভাগের নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিমের নির্দেশে অভিযান পরিচালনা করেন ফরেস্ট রেঞ্জার কর্মকর্তা মো. তোষাররফ হোসেন।
তিনি জানান,আটক কাভার্ডভ্যানে তল্লাশি করে প্রায় ২৫০ ঘনফুট সেগুন কাঠ পাওয়া গেছে। গাড়িতে কাঠের বৈধতার স্বপক্ষের কাগজপত্র বা বন বিভাগের কোনও ধরনের (হাতুড়ি) চিহ্নও পাওয়া যায়নি। জব্দ কাঠের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক কাঠবোঝাই কাভার্ডভ্যানটি শাকতলার কুমিল্লা বন বিভাগে আনা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, বন প্রহরী এম এ মান্নান ও আবুল কালাম আজাদ।








