কুমিল্লায় শর্ট সার্কিটের আগুন থেকে সাতটি ফলের দোকান পুড়ে গেছে। রবিবার ভোরে নগরীর টমছম ব্রিজ বাখরাবাদ সড়কের দক্ষিণ পাশের ফল দোকানগুলোতে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান আগুনে দোকানে থাকা বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইমান হোসেন কবির নামে এক ফল ব্যবসায়ী জানান, রাত ১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। তার দুটি দোকানে প্রায় ৫ লাখ টাকার ফলসহ নগদ ৩৫ হাজার টাকা ছিল। ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন।
তিনি বলেন, ‘এসে দেখি সব পুড়ে গেছে। আমার আবার ব্যবসা নিয়ে বসার মতো ফলও নেই, টাকাও নেই। ’
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন,‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। একটি ফলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পরও সংযোগ বন্ধ করেনি।’








