বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ১০ হাজার লিটার কনডেনসেট (গ্যাস খনিতে পাওয়া এক ধরনের অপরিশোধিত তেল) চোরাই বাজারে বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করেছে রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মকর্তারা। সোমবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাজার থেকে কনডেনসেট ভর্তি লড়িটি আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া এনএস আইয়ের উপ-পরিচালক মো. আবু হেনা এ কথা জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে প্রায়ই কনডেনসেট কলোবাজারে বিক্রি হয়। এই খবরের ভিত্তিতে এনএসআই এর একটি দল রাত ৯টার দিকে ধরখার বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় অপরিশোধিত কনডেনসেট ভর্তি লরিটি ধরখার বাজারের পাশে খোকন মিয়ার তেলের দোকানের সামনে দাঁড়ায়। পরে লরি থেকে কনডেনসেট ড্রামে ভরার সময় ধরখার ফাঁড়ি পুলিশের সহায়তায় লরিটি জব্দ করা হয়। এসময় লরি চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। লরিতে ১০ হাজার লিটার কনডেনসেট ছিল।
খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে তিনি ধরখার বাজারের ওই তেলের দোকান মালিক খোকন মিয়াকে রাষ্ট্রিয় কোম্পানির তেল কেনার দায়ে ১ মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে ওই দোকানের ৪শ’ লিটার তেল ও যমুনা ওয়েল কোম্পানির ট্যাংক লড়িটি জব্দ করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন,‘আটক দোকান মালিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’








