সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে। রবিবার (১১ আগস্ট) চট্টগ্রামের পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়ার লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের অনুসারী দক্ষিণ চট্টগ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।
দরবার শরিফের পরিচালনা কমিটির সচিব মাস্টার বজলুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি। দীর্ঘদিন ধরে সেই অনুযায়ী রোজা ও ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা পালিত হয়েছে। সকাল ১০টায় দরবার শরিফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করেন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।’
প্রসঙ্গত, প্রায় ২০০ বছর আগে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হজরত মাওলানা মোখলেছুর রহমান (রা.) এ নিয়মের প্রবর্তন করেন। তার অনুসারীরা ২০০ বছর আগে থেকে সৌদি আরবের সময় অনুযায়ী রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।








