চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের মামলায় নজরুল ইসলাম (৩৫) নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুতাহির আলী এ রায় দেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও পাঁচ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
দণ্ডিত নজরুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার শফিউল আলমের ছেলে। আসামি বর্তমানে কারাগারে রয়েছে।
এম এ নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই আইনের অন্য একটি ধারায় ধর্ষণের পর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রোজিনা আক্তার নামে এক তরুণীকে ধর্ষণ করে নজরুল। এ ঘটনার পর ওইদিন রাতে আত্মহত্যা করেন রোজিনা। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করে। পরে ওই মামলা তদন্তে রোজিনাকে ধর্ষণের বিষয়টি ওঠে আসে। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি স্থানান্তর করা হয়। পরে ২০১৪ সালের ২১ অক্টোবর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।








