জাল জালিয়াতির মাধ্যমে ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার সাবেক ইভিপি ও ম্যানেজার মুহম্মদ নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক মো. নূর-উন-নবী, মেসার্স শাহজালাল ট্রেডার্সের মালিক মো. আনোয়ার মিয়া, গ্রাহক কাজী শরীফ আহমেদ ও আবদুল আজিজ।
সিরাজুল হক জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ওই ব্যাংক থেকে ৪৫ কোটি এক লাখ ২১ হাজার ৯৪৭ টাকা আত্মসাৎ করেন। যা যা পরে সুদসহ মোট ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকায় পরিণত হয়।
সিরাজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০২ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংক হিসাবে টাকা না থাকার পরও ক্ষমতা বহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি এবং পর্যাপ্ত জামানত ছাড়া কমার্স ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে টাকাগুলো উত্তোলন করা হয়। চারটি ব্যাংক হিসাবের বিপরীতে আসামিরা যোগসাজশে এই টাকাগুলো আত্মসাৎ করেন। তদন্তে এর সত্যতা পাওয়ায় আজ বিকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স আক্তার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর-উন-নবীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম ‘বলাকা গ্রুপ’। বলাকা গ্রুপের এই কর্ণধার নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠান খুলে কয়েকটি ব্যাংক থেকে শত শত কোটি টাকার বেশি ঋণ সুবিধা নিয়েছেন। ব্যবসার নামে নেওয়া এসব ঋণের কোনোটাই ফেরত দেওয়া হয়নি। বর্তমানে এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৫ ব্যাংকের খেলাপিঋণের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি।








