রাঙামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অস্থায়ী ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে গণপূর্ত ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেডিক্যালের পাঁচটি ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চতুর্থ ব্যাচের শিক্ষার্থী অর্নব বলেন, টানা পঞ্চম দিনের মতো স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও আশ্বাস আমরা কারও কাছে পাইনি। যদি এমন চলতে থাকে তাহলে আরও কঠোর কর্মসূচি আমরা নিতে পারি।
চতুর্থ ব্যাচের আরেক শিক্ষার্থী পুতাস্তি পূরম চাকমা বলেন, আমাদের মেডিক্যাল কলেজে পাঁচটি ব্যাচে মোট ২৫০ জন শিক্ষার্থী আছে। কিন্তু দুটি ক্লাস রুমে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে সব ব্যাচকে। আমরা আর কোন আশ্বাস চাই না। কাজ কখন শুরু হবে তার সুনির্দিষ্ট তারিখ শুনতে চাই।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, এখানে উন্নতমানের হাতপাতাল না থাকায় জটিল রোগে আক্রান্তদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেই কারণে জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত আমার কোনও শিক্ষা পাচ্ছি না। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে যে জটিলতা ও দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।
রাঙামাটি গণপূর্ত অফিসের উপ-সরকারি প্রকৌশলী বলেন, ‘স্থাপত্য অধিদফতর মাস্টারপ্ল্যান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর আমাদের কাছে আসলে আমরা খরচ নির্ণয় করে টেন্ডারে দেবো।
প্রসঙ্গত, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাঙামাটি মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেডিক্যালের শিক্ষার্থীরা।








