সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার রাঙামাটি শহরের ১৩টিসহ জেলার দশ উপজেলার ৪১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ করতে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। এর সঙ্গে চলছে সাজসজ্জা ও শহরের মোড়গুলোতে আকর্ষণীয় তোরণ নির্মাণের কাজ।
প্রতিবারের মতো এবারও জেলার সবচেয়ে বড় পূজার আয়োজন করেছে জেলার রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দিরে। পূজায় নানা ধরনের প্রতিযোগিতার পাশাপাশি প্রদর্শন করা হবে থিম ‘অকাল বোধন’। মণ্ডপে থাকছে বিভিন্ন দেব-দেবীর ১০টি প্রতিমা। আইচ ভবন পূজামণ্ডপে চলছে ছয় দশক উদযাপন উপলক্ষে বিশেষ সাজসজ্জা। অন্যদিকে পিছিয়ে নেই শত বছরের পুরনো তবলছড়ি রক্ষা কালীমন্দির পূজামণ্ডপের আয়োজকরাও।
জেলার ৪০টি পূজামণ্ডপের মধ্যে সদর উপজেলায় ১৪টি, কাপ্তাই উপজেলায় ৭টি, লংগদু উপজেলায় একটি ব্যক্তিগতসহ মোট ৪টি, নানিয়াচর উপজেলায় ১টি, জুরাইছড়ি উপজেলায় ১টি, বরকলে ২টি, কাউখালী উপজেলায় ৪টি, বিলাইছড়ি উপজেলায় ১টি, রাজস্থলী উপজেলায় ৩টি ও বাঘাইছড়ি উপজেলায় ৪টি। এ বছর নানিয়াচর উপজেলার বুড়িঘাট পূজামণ্ডপে আয়োজন করা হয়নি দেবী আরাধনার। এ কারণে গতবারের চেয়ে এবার একটি পূজামণ্ডপ কমেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে বলেন, ‘সব সম্প্রদায়ের সহযোগিতায় আমরা যুগ যুগ ধরে রাঙামটিতে পূজার আয়োজন করে আসছি। এবারও আশা করি সবার সহযোগিতায় সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করতে পারবো।’
রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত বলেন, ‘পুজোর নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন। প্রশাসনের পাশাপাশি পূজামণ্ডপে আয়োজক কমিটি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছে। সকলের সমন্বয়ে আমরা পূজার সব আয়োজন শেষ করতে পারবো বলে আশা করছি।’
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এরইমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছি। জেলা উপজেলায় মনিটরিং কমিটি করেছি, কন্ট্রোল রুমও থাকছে। এক কথায় বলতে গেলে শান্তিপূর্ণ পরিবেশে ও সকলের অংশগ্রহণে পুজোর আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ৮ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।








