নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বাল্য বিয়ে করার দায়ে মনির মিয়াকে (২৩) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, নোটারি পাবলিকের মাধ্যমে বর-কনের বয়স বাড়িয়ে বিয়ের ব্যবস্থা করায় আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নাসিরপুর কোনাপাড়া গ্রামের আবতাব উদ্দিনের ছেলে মনির মিয়ার সঙ্গে একই গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূসি) তাহমিনা আকতারসহ একদল পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হই। তখন অভিভাবকেরা পালিয়ে যান। পরে বরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। কনের বয়স ও কাগজপত্র যাচাই করে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট ইমদাদুল হক হাদির নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বয়স বাড়ানো হয়েছে। স্কুলের নথিপত্র যাচাই করে কনের বয়স ১৬ বলে প্রমাণিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বর মনির মিয়াকে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।








