চাহিদা অনুযায়ী টিকিট বরাদ্দ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ফেনীর রেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, রেলসেবা অ্যাপস চালু করলেও নানা জটিলতার কারণে তারা এর সুফল পাচ্ছেন না। অন্যদিকে কালোবাজারির সহযোগিতা ছাড়া ফেনীতে সহজে মিলছে না ট্রেনের টিকিট।
ফেনী রেলওয়ে স্টেশনের প্লাটফরমে গিয়ে কথা হয় শাহ আলম, নুর ইসলাম ও জাহিদুল নামে তিন যাত্রীর সঙ্গে। তারা জানান তাদের কর্মস্থল ঢাকায়। আরামদায়ক ভ্রমণের জন্য তারা নিয়মিত রেলেই যাতায়াত করেন। কিন্তু স্টেশনে আসার পর তারা স্বাভাবিকভাবে টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। প্রায়ই কালোবাজারিদের কাছ থেকে টিকেট কিনে তাদের গন্তব্যে যেতে হয়।
যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়গুলো ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘ফেনীসহ আশপাশের ৪ জেলার মানুষের ট্রেনে যাতায়াতের একমাত্র ভরসা এই স্টেশন। ফেনী স্টেশন থেকে প্রতিদিন চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কুমিল্লা, চাঁদপুর ও ময়মনসিংহসহ বেশকিছু জেলায় ৩২টির মতো ট্রেন আসা-যাওয়া করে। প্রতিদিন গড়ে পাঁচ হাজার যাত্রী যাওয়াত করলেও সব ট্রেন মিলিয়ে আসন রয়েছে মাত্র নয়শ’টি। এ কারণে অনেকেই স্ট্যান্ডিং টিকিট কিনতে বাধ্য হন।
সূত্র জানায়, ফেনীতে প্রতি নিয়তই বাড়ছে রেল যাত্রীর সংখ্যা। কিন্তু সেই হিসেবে মিলছে না পর্যাপ্ত আসন। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে টিকিট না পেয়ে দুর্ভোগে পড়ছে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। অথচ প্রথম শ্রেণির এ স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজারের বেশি যাত্রী যাতায়াত করলেও প্রতিটি ট্রেনে আসন বরাদ্দ রয়েছে মাত্র ৩৫টি।








