আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সমাবর্তন আয়োজক কমিটির প্রচার ও মিডিয়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. আসিফুল হক বলেন, ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।
তিনি আরও বলেন, এবার সমাবর্তনে ২ হাজার ২৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে স্নাতক পর্যায়ের ২ হাজার ১৪৮ জন, মাস্টার্স পর্যায়ের ৭৯ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ২ জন এবং পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে দুই জনকে। অনুষ্ঠানে চারজনকে গোল্ড মেডেল দেওয়া হবে।
স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ই এম কে ইকবাল আহমেদ, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবায়া আফসার, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সঞ্জয় বড়ুয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাশেদুর রহমান।
সমাবর্তনের পরদিন ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।








