ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজারে বাস উল্টে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন এ কথা জানান।
নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজারে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় উল্টে যায়। এসময় শীতাতপ নিয়ন্ত্রিত এ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিয়েছে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।








