কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার নাম আনোয়ার সাদেক। র্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ র্যাব সদস্যদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ৮ হাজার ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে একটি দল অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ৪-৫ জন মাদক কারবারি গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে গুলিবিদ্ধ অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।
আজিম আহমেদ জানান, নিহত সাদেক টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়ার শফি উল্লাহ ছেলে।








