তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের দুটি কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। রবিবার (৫ জানুয়ারি) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মহানগর) সংযুক্তা দাশগুপ্তা এ তথ্য জানিয়েছেন। কারখানা দুটির মধ্যে নগরীর সিইপিজেডে ডাফ চিটাগং এক্সেসরিজ লিমিটেডকে তিন লাখ ৮৪ হাজার টাকা এবং নাসিরাবাদে এক্সপোর্ট প্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
সংযুক্তা দাশগুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, পরিবেশ অধিদফতরের একটি টিম কারখানাগুলো পরিদর্শনে গিয়ে মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাই। পরে দুই প্রতিষ্ঠানকে আজ শুনানিতে ডাকা হয়। শুনানিতে দুই কারখানার প্রতিনিধিরা এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই তাদের জরিমানা করা হয়েছে।







