রেলের রুগ্ণ অবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যবস্থাপনার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ভাবেন, দেশের জনগণের কথা চিন্তা করেন। তার নির্দেশেই দেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ চলছে।’
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে। ’
রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলওয়ে একসময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারও সগৌরবে ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি। তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি এ রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।’
দোহাজারী- কক্সবাজার রেললাইন প্রকল্প নিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘দোহাজারী- কক্সবাজার রেললাইন প্রকল্পে কিছু চ্যালেঞ্জ ছিল। ইতোমধ্যে জমি হস্তান্তর এবং রিজার্ভ ফরেস্টের ওপর রেললাইন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। সরকারের ১০টি মেগা প্রকল্পের অন্যতম এই প্রকল্পের কাজ আগামী ২০২২ সালের মধ্যে শেষ হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রধান ইকবাল হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।








