রাঙামাটি আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সাবেক মেয়র হাবিবুর রহমান ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর জানান, রবিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের এক সভায় হাবিবুর রহমান ও অমর কুমার দে’র পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি সত্ত্বর এ সিদ্ধান্ত কার্যকরের জন্য কেন্দ্রে পাঠানো হবে।
প্রসঙ্গত, হাবিবুর রহমান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনও পদবিতে না থাকলেও ১৯৯৯ ও ২০০৪ সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে পরপর দুইবার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও দল জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীকে মনোনয়ন দিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে অমর কুমার দে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক পদে থাকলেও তিনি দল থেকে মনোনয়ন চাননি।
/এআই/টিএন/








