গত বৃহস্পতিবার মারা যাওয়া চাঁদপুরের ফরিদগঞ্জের শারমিন (১৪) করোনায় আক্রান্ত ছিল। শনিবার (২৫ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানান।
তিনি জানান, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শারমিন মারা যান। পরে তার নমুনা নিয়ে পরীক্ষার পর জানা যায় সে করোনা আক্রান্ত ছিল। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪ জন।
সিভিল সার্জন আরও জানান, শনিবার মোট ৩২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১টির রিপোর্ট নেগেটিভ। জেলায় এ পর্যন্ত ২৫১ জনের মধ্যে ২৪০ জনের রিপোর্ট এসেছে। আরও ১১ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।








