চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ১১ পুলিশ সদস্যদের মধ্যে একজন সুস্থ হয়ে ব্যারাকে ফিরে এসেছেন। রবিবার (৩ মে) দুপুরে অরুণ চাকমা (৪০) নামে ওই ট্রাফিক পুলিশ সদস্য ব্যারাকে ফিরে আসেন।
সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, অরুণ চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।
অরুণ চাকমা সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। ১৯ এপ্রিল নমুনা পরীক্ষায় অরুণ করোনা পজেটিভ আসে। এরপর ওই রাতে তাকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
দুপুরে ছাড়পত্র দেওয়ার পরপরই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে অরুণ চাকমাকে গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তাকে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কমিশনার তাকে ফুল দিয়ে বরণ করেন।
মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ৯ এপ্রিল অরুণসহ দুই ট্রাফিক পুলিশ সদস্যের শরীরে জ্বর আসে। তাদের একজন জ্বরের সঙ্গে বমি করায় ১১ এপ্রিল তাকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। আর অরুণ চাকমা একটু সুস্থ থাকায় তাকে নগরীর মনসুরাবাদে পুলিশ লাইনে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে ১২ এপ্রিল জ্বরের সঙ্গে বমি করা ওই পুলিশ সদস্যদের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ এপ্রিল নমুনা পরীক্ষায় অরুণও করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। টানা ১৪ দিন চিকিৎসায় সে সুস্থ হয়ে ফিরে এসেছেন। তবে অপরজন এখনও চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, সিএমপিতে এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ট্রাফিক সদস্য ৮ জন। বাকি তিনজনের মধ্যে একজন এসএএফ শাখায় আছেন। আরেকজন খুলশী থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অন্যজন সিএমপির এক অতিরিক্ত পুলিশ কমিশনারের অফিস সহকারী।








