কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের যুবকদের মারধরে বখতিয়ার সিকদার (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বখতিয়ার সিকদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকরা তাকে মারধর করলে বখতিয়ার আহত হন। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব ছিলেন। মঙ্গলবার দুপুরে এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে রানা নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বখতিয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকালে তারা আমার ভাইকে মারধর করে হত্যা করেছে।








