নোয়াখালীর চাটখিল উপজেলায় কর্মরত একটি বেসরকারি ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের (২৮) করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৮ মে) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তির গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি চাটখিল পৌরসভার মিজি বাড়ি এলাকায় কয়েকজনের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতেই ভবনটি লকডাউন ঘোষণা করা হয়। ভবনে বসবাসকারীদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, গত ৩০ এপ্রিল ওই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ তার নিজ এলাকা কুড়িগ্রাম থেকে চাটখিলে আসেন। কুড়িগ্রাম থেকে আসার কারণে, তার রুমমেটরা তাকে ফ্ল্যাটে রাখতে রাজি হননি। পরে তাকে একটি কক্ষে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এরপরে ২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ১১টায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তার করোনার কোনও উপসর্গ ছিল না। তাকে আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে জেলার কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তার সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য পাঠানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে এবং এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।








