রাঙামাটিতে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর উদ্যোগে 'এক মিনিটের বাজার' চালু করা হয়। শুক্রবার (১৫ মে) সকালে জেলার মারী স্টেডিয়ামে বসানো হয় এই বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবজিসহ পণ্য নিতে প্রত্যেককে এক মিনিট করে সময় দেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় চালু হওয়া এই বাজার প্রায় এক ঘণ্টা পর্যন্ত চালু ছিল।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৭-৮ লাইন করে সেনা সদস্যরা ওই পণ্যসামগ্রী বিতরণ করেন। বাজারে প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ এবং হাত ধোয়ার ব্যবস্থা। যেখানে টেবিলে সাজানো ছিল চাল, আলু, ঢেঁরশ, বরবটি, কচুর লতি, কাচা মরিচসহ বেশ কয়েকটি পণ্য। এতে করে কোনও ঝামেলা ছাড়ায় অসহায়-দরিদ্র লোকজন প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।
সেনাবাহিনী জানায়, ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনা এবং রাঙামাটি রিজিয়ন কর্তৃক ‘এক মিনিটের বাজার’ নামে এই আয়োজন করা হয়। নামে বাজার হলেও এখান থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ ব্যক্তিদের বিনামূল্যে ৯ ধরনের দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাজার থেকে পণ্য পাওয়া লোকজন বলেন, ‘করোনার কারণে সব ধরনের কাজ বন্ধ থাকায়, যা অর্থ জামানো ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে আমরা খুবই খুশি।'
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, ‘পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপশি সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে এই সবজি বাজারের ব্যবস্থা করা হয়েছে। এই বাজারের মাধ্যমে প্রান্তিক কৃষক পেলো ন্যায্য মূল্য এবং নিম্ন আয়ের মানুষ পেলো খাদ্য সহায়তা।’








