কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা অর্ধশত পূরণ হলো। এছাড়া নগরীতে ৪২ জনসহ কুমিল্লায় নতুন করে আরও ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৮৪৬ জন। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার কুমিল্লা নগরীতে ৪২ জন, চৌদ্দগ্রামে আট জন, লাকসামে ২২ জন, বুড়িচংয়ে চার জন, আদর্শ সদরে ছয় জন, চান্দিনায় একজন, বরুড়ায় ৯ জন, দেবিদ্বারে ১৬ জন, তিতাসে দুই জন, দাউদকান্দিতে আট জন, মেঘনায় একজন, হোমনায় ছয় জন এবং ব্রাহ্মণপাড়ায় সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, শনিবার করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তির বাড়ি দেবিদ্বারে।
এদিকে, শনিবার আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করেনাভাইরাসে আক্রান্ত ৩২৪ জন রোগী সুস্থ হলেন। নতুন সুস্থ ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রামের ১৮ জন, দেবিদ্বারের পাঁচ জন ও মনোহরগঞ্জের তিন জন রয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৭৪ জনের।








