কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে নারীসহ আরও পাঁচ জন মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, কুমেক হাসপাতালের আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন এবং উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে আবদুর রশিদ (৫৬) এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৃত ইউনুছ পাটোয়ারীর ছেলে আবদুল কাদের (৫০)।
এছাড়া উপসর্গ নিয়ে মারা যান কুমিল্লা সদর উপজেলার সায়েদ আলীর ছেলে আবু তাহের (৭০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে নূর আহম্মেদ (৬৫) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবুল কাশেমের মেয়ে হনুফা (৪০)।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন।
অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিস সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৭ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।







