চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩০০ ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র্যাব। এছাড়া ইয়াবা বিক্রির এক কোটি ১৭ লাখ এক হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে র্যাব এ তথ্য জানায়।
আটককৃতরা হলো, শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। রবিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের দু’জনকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন।
মাহমুদুল হাসান বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে– এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি অভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। পরে সেখান থেকে শওকত ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার ৩০০ ইয়াবা ও ইয়াবা বিক্রির এক কোটি ১৭ লাখ এক হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তারা মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে।








