সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা বা কালীপূজা শনিবার (১৩ নভেম্বর)। এই দিনটি দীপাবলি উৎসব হিসেবে ভারতে ব্যাপকভাবে পালন করা হয়। দীপাবলির আগের দিন শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্ত রক্ষী বাহিনী একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বল করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে এই দিনের শুভেচ্ছা হিসেবে দেওয়া হয়েছে মিষ্টি। আগরতলা ১২০ বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট ইন্সপেক্টর রাজকুমার আখাউড়া বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. আলমের হাতে এই শুভেচ্ছা তুলে দেন।
এই সময় দুই দেশের সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে উৎসব আমেজ দেখা যায়। তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।








