গার্মেন্টসের কাঁচামাল ঘোষণা দিয়ে বিদেশি সিগারেট আনা একটি চালান খালাসের চেষ্টার ঘটনায় চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট চান্দু করপোরেশনের লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউজের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিথ্য ঘোষণায় আনা পণ্য খালাসে জড়িত থাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট চান্দু করপোরেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটি তৈরি পোশাক শিল্পের সাড়ে ১৮ মেট্রিক টন কাঁচামাল ঘোষণা দিয়ে আনা বিদেশি সিগারেটের চালানটি খালাসের দায়িত্বে ছিল। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
এর আগে গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউজের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মীরা চালানটি আটক করে। চালানটি আটকের পর এআইআর শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার সাভারের (ডিইপিজেড ওয়েস্ট) আমদানিকারক হপ ইক (বাংলাদেশ) লিমিটেড চীন থেকে পোশাক শিল্পের উপকরণ ঘোষণা দিয়ে সাড়ে ১৮ মেট্রিক টন ওজনের অবৈধ ওই সিগারেট আমদানি করে। এরপর গত ৩ নভেম্বর চালানটি খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট চান্দু করপোরেশন চট্টগ্রাম কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। বিল অব এন্ট্রি দাখিল করলেও পণ্য খালাসের আগে কাস্টমস অনুসন্ধানে জানতে পারে, তৈরি পোশাকশিল্পের জন্য দেওয়া শুল্কমুক্ত সুবিধায় পোশাকশিল্পের কাঁচামাল আমদানির কথা থাকলেও বাস্তবে চালানটিতে কনটেইনারভর্তি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আনা হয়েছে। পরে সেই অনুযায়ী চালান খালাস হওয়ার আগেই কাস্টমস গোয়েন্দারা সেটা আটক করে। চালানটিতে ৮৫০টি বড় কার্টনে মুন ও ৩০৩ ব্র্যান্ডের এক কোটি ৭০ লাখ শলাকা বিদেশি সিগারেট ছিল। চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান আনুমানিক ২৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল।








