কক্সবাজার টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। সোমবার রাতে হোয়াইক্যংয়ের পুটিবনিয়ার রোহিঙ্গা ক্যাম্পের (রইক্ষ্যং) উত্তরপাড়া জসিমের বাড়ির সামনে অস্ত্র ও রামদাসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পুটিবনিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হামিদুল্লাহ, উখিয়া জামতলী ক্যাম্পের ফুরকান, মো. আইয়াছ ও নুর আলম।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) পুলিশ সুপার (এসপি) আতিকুর রহমান।
তিনি জানান, 'অস্ত্রধারীদের অবস্থানের খবরে পুটিবনিয়া ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় পালানোর চেষ্টাকালে চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ ও একটি রামদা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।'









