কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়া আগুনে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে । এসময় অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ট্রান্সমিটারে হঠাৎ জ্বলে ওঠা আগুন ঘরে পড়ায় ভেতর আটকা পড়ে গিয়েছিলেন ওই নারী ও তার মেয়ে। ঘুমন্ত অবস্থায় এমন দুর্ঘটনা ঘটায় তারা বের হওয়ার পথ খুঁজে পাননি। কেউ তাদের উদ্ধারও করতে পারেনি।
মঙ্গলবার রাত ১০টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা ও মেয়ে হলেন, ভেলানগর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী সালেহা বেগম ও তার ছোট মেয়ে ফারজানা আক্তার।
দাউদকান্দি থানার ওসি মো. নজরুল ইসলাম অগ্নিদুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুন লেগেছে ধারণা করা হচ্ছে। তবে ঘরে গ্যাস সিলিন্ডারও ছিল। শীতের রাত হওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে পরিবারের সবাই। কখন আগুন লেগেছে তারা বুঝতে পারেনি। এ সময় ঘরে আটকা পড়ে বের হতে না পেরে মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।









