কক্সবাজার শহরে ইজিবাইকচালকদের সঙ্গে কক্সবাজার পৌরসভার কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা হিসেব মাহবুবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করলে জেলা শহরে উত্তেজনার সৃষ্টি হয়।
কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, জেলা ট্রাফিক পুলিশ কক্সবাজার শহরে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ ইজিবাইক আটক করে। এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয় ইজিবাইক চালক সমিতি। সকাল থেকে তারা শহরে ইজিবাইক আটকের প্রতিবাদে মিছিল বের করে। এক পর্যায়ে তারা কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে। এসময় পৌরসভা কার্যালয়ে অবস্থানরত প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পৌরসভা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভরত ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দকে শান্ত করার চেষ্টা করে।
তিনি জানান, এ সময় চালক সমিতির একটি গ্রুপ পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের উদ্দেশে বাজে মন্তব্য করে এবং তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার ঘটনায় পৌরসভা কার্যালয়ে অবস্থানরত কর্মচারীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ইজিবাইক চালকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে চালক সমিতির নেতা রুহুল কাদের মানিকসহ আরও ৪ জন আহত হয়। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। পৌর প্যানেল মেয়রসহ আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পৌর প্যানেল মেয়র আহত হওয়ার ঘটনার পর পরই শহরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও কক্সবাজার ব্যবসায়ী সমিতিও পৌর প্যানেল মেয়রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।









