চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে দ্রুতগামী ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি। এতে করে দুই জেলার মানুষ অল্প সময়ের মধ্যে চাঁদপুর থেকে শরীয়তপুর যাতায়াত করতে পারবেন। বর্তমানে ট্রলারযোগে নৌপথে চাঁদপুর আসা-যাওয়া করেন শরীয়তপুরের যাত্রীরা।
শনিবার (১৩ মার্চ) চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই কথা জানান।
একে এম এনামুল হক শামীম বলেন, ‘চাঁদপুর ও শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে অভিন্ন। শরীয়তপুর জেলার নদী তীরবর্তী এলাকার মানুষজন শরীয়তপুরের চেয়ে চাঁদপুরেই বেশি কেনাকাটা, হাট-বাজার করে থাকেন। শুধু তাই নয় চিকিৎসা নিতেও এই এলাকার মানুষ চাঁদপুরে নিয়মিত আসা-যাওয়া করেন। কারণ যেখানে শরীয়তপুর মূল শহরে যেতে তাদের দুই ঘণ্টা লাগে সেখানে চাঁদপুর যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। এইজন্য দুই জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে আমরা ওয়াটার ট্যাক্সি চালুর কথা ভাবছি।’
উপমন্ত্রী আরও বলেন, ‘চাঁদপুরের ও শরীয়তপুরের জেলা প্রশাসক আমার খুবই কাছের মানুষ। আমি দুজনের সঙ্গে একাধিকবার এই বিষয়ে কথা বলেছি। এই জন্যে দুপাড়ে দুটি ওয়াটার ট্যাক্সি ঘাট নির্মাণ করা হবে। যেখানে যাত্রীরা বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি উন্নত টয়লেটসহ সকল সুযোগ সুবিধা থাকবে। চাঁদপুর-শরীয়তপুর এর মেঘনা সেতু বা টানেলের যে স্বপ্ন আমরা দেখছি, আশাকরছি বর্তমান সরকারের মেয়াদ শেষ হবার আগেই সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকাদার, ঢাকা বাপাউবো-এর (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদসহ আরও অনেকে।









