নোয়াখালী পৌরসভার দত্ত বাড়ি এলাকায় সাবেক শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মনুকে (৩২) মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার চাচা ইকবাল হোসেনকে (৫০) আটক করেছে।
নিহত মনু নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে পুলিশ অভিযুক্ত চাচাকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত মো. ইকবাল হোসেন একই এলাকার মৃত আবদুল আলীর ছেলে।
এর আগে, সোমবার রাত ৯টায় পৌরসভার দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ , নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে তার চাচা ইকবাল ও তার সহযোগীরা বাড়ির পাশে একটি দোকানে আটকে রেখে বেধড়ক মারধর করে। এ সময় মনুকে বাঁচাতে গিয়ে তাঁর ছোট ভাই আহম্মদ আলী (২৭) ও হামলার শিকার হন।
নিহতের মা শাহিদা বেগম জানান, ইকবালদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলে মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ইকবাল ও তার সহযোগী সন্ত্রাসীরা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাকে পুলিশ ভোররাতে আটক করেছে।








