কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে অন্তত দুই জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও দুই জনকে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে এনসিসি ইয়ার্ডে থাকা এমটি ইমারতি নামের তেলের ট্যাংকারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সর্ম্পকে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নৌ-বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে ছিলেন। তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে দুই জন মারা যান। আরও দুই জনকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
নিহতরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজাম উদ্দিন (৫০) ও নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রহুল আমিন (৪৫)। অন্যদিকে আহত দুইজন হলেন- শাহাবুদ্দিন (৬০) ও সুফিয়ান (৪০)।
আহতদের বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুই জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুই জনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।









